আজমিরীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, ৫ জনের কারাদণ্ড
ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার কাকাইলছেও রোড ও বাসমহাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি ট্রলি আটক করা হয়।
একই সঙ্গে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী।
অভিযানে কাকাইলছেও রোড এলাকা থেকে তিনটি ট্রাক্টর এবং বাসমহাল এলাকা থেকে দুটি ট্রলি আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক পাঁচজনের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে হাবিব মিয়া, বানিয়াচং উপজেলার বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর ছেলে রাজু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলার শুকরিবারি গ্রামের মুজাম্মিল মিয়ার ছেলে জসিম মিয়া, বাহুবল উপজেলার মিরপুর লস্করপুর গ্রামের রহিম উল্লাহর ছেলে সুজন মিয়া এবং আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার ছেলে আসাদ মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







