তাহিরপুর আ.লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া আটক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মঙ্গলবার সকাল ৭টায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি রতন শেখ।
ওসি রতন শেখ জানান, সাবেক এমপি রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। তারা মিয়াকে মোবাইল ট্যাকিং করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে আটক করা হয়েছে। এই বিষয়ে তারা মিয়া যাতে সঠিক তথ্য দেন এজন্য জিজ্ঞাসাবাদ করছেন উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, তারা মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের ঘনিষ্ট হিসেবে পরিচিত। সোমবার বিকেলে ভাইরাল হওয়া রনজিতের ভিডিও বক্তব্যে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় হয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে দলীয় সভা করে।
গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভায় তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সোমবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত। ভিডিওতে তাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
এই বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে রনজিতের দেশে প্রবেশের সুযোগ নেই। তার ধারণা, সিলেট সীমান্তের কোন স্থানে লোকজন জড়ো করে সভাটি করা হয়েছে।
অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান,সভাটি সিলেট সীমান্তে হয়নি, হয়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোন স্থানে।
তবে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, তাদের অনুসন্ধানে ওই সীমান্তে এমন কোনো সভার তথ্য পাওয়া যায়নি।
রনজিত সরকারের ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সভাস্থলের ওপরে শামিয়ানা টানানো,সামনে টেবিল ও পেছনে একটি ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া।
ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভায় অতিথি হিসেবে নাম ছিল অ্যাডভোকেট রনজিত সরকারের। আয়োজনে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম ছিলো। সভায় ব্যানার ধরে থাকা জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ছিলো। ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে রনজিত সরকারকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির নেতাকর্মীদের ওপর নির্যাতন,গ্রেপ্তার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।







