রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মেহেরগাঁও মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজনগর সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতেখারসহ পুলিশের সদস্যরা। জানাজায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
নুরুল আমীন সোমবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ১২টায় ঢাকার সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক হাজী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (দুলা মিয়া)-এর ছোট ভাই এবং নিজনগর সরদার বাড়ির মরহুম আব্দুল মালেকের ছেলে।
মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া নুরুল আমীন মৃত্যুর আগ পর্যন্ত ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ধর্মঘর ইউনিয়নসহ মাধবপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।







