মাধবপুরে হামলার শিকার ট্রাক্টরচালকের ঢাকায় মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর রফিক মিয়া (২৯) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রফিক মিয়া উপজেলার রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে একই গ্রামের আমান উল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)সহ কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকার প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা রফিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত উজ্জ্বল মিয়া মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত রফিক ও অভিযুক্ত উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত উজ্জ্বলসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঢাকায় নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় রাজনগরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







