জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে রাসূল সা. এর আদর্শ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দিয়ে দেশের মানুষকে মাতৃভূমিকে রক্ষা করুন। সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলনের যোগদানকৃত নতুন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ট হওয়ার পরেই যদি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়তো না। দেশের মধ্যে পতিত ফ্যাসিবাদ এমনিভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে পারত না, থানায় আগুন দেয়ার সাহস হতো না, পুলিশকে থানা থেকে নিরাপত্তার জন্য অন্যত্র চলে যেতে হতো না, সরকারি দলের নেতাকর্মীরা এভাবে নিহত হতো না। সরকার এখন শতশত পুলিশ কর্মকর্তার ওপরে নজরদারি করছে বলে জানা যাচ্ছে। এই কাজ ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই করা দরকার ছিলো। এখন এই ধরণের নজরদারি আইন-শৃংখলা বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে। বাইরে থেকে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। আমরা অতীতের মতো আবারো বলছি যে, পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করুন, পালাতক অপরাধী আটক করতে দ্রুত পদক্ষেপ নিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আন্দোলনের মেয়র পদপ্রার্থী মুফতী আবু তাহের মিসবাহ, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা মহিবুর রহমান রনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মমতা আনিসুর রহমান সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।








