সিলেটি মালিকানাধীন ‘শেরেবাংলা টেইকওয়ে’ যুক্তরাজ্যে বর্ষসেরা টেকওয়ে নির্বাচিত
যুক্তরাজ্যে এশীয় খাবারের বৈচিত্র্য ও সাফল্য উদযাপনের মধ্য দিয়ে গত ১৫ নভেম্বর লন্ডনের অভিজাত গ্রোসভেনর হাউসে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস ২০২৬। এবারের আয়োজনে ৪৬টি ক্যাটাগরিতে এশীয় খাদ্যশিল্প, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতের কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাউথ ইস্ট ইংল্যান্ডের বেস্ট ইন্ডিয়ান টেকওয়ে হিসেবে বর্ষসেরার পুরস্কার অর্জন করেছে সিলেটি মালিকানাধীন ‘শেরেবাংলা টেইকওয়ে’। প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন লাবিব মাহমুদ চৌধুরী এবং [নাম]।
ইতোমধ্যে ‘শেরেবাংলা টেইকওয়ে’ যুক্তরাজ্যে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এ প্রসঙ্গে শেরেবাংলা টেইকওয়ের অন্যতম স্বত্বাধিকারী মুমিত আহমদ চৌধুরী বলেন, “আমরা সব সময় খাবারের গুণগত মান, স্বাদ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা। এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের নিবেদিতপ্রাণ কর্মীদের। তাদের আন্তরিকতা, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও দলগত প্রচেষ্টার ফলেই আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও খাবারের মান ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহকদের আস্থা অর্জনে আমরা কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়াওর খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিবিসির সংবাদ উপস্থাপক সামান্থা সিমন্ডস ও ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক আনিসা খান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার দাতো ইন্দেরা, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর মোরশেদুর রহমান তালুকদার, ব্যারিস্টার মো. লুৎফুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সাবেক এমপি ফয়সল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক শাহগীর বকত ফারুক, সুলেমান রাজা এমবিই, অলি খান এমবিই, মোহাম্মদ মকিস মনসুরসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে বার্মিংহামের ইতিহাদ বেস্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, লন্ডনের দ্য পেপার ট্রি থাই রেস্টুরেন্ট অব দ্য ইয়ার এবং ইয়র্কের এভারেস্ট গুর্খা নেপালিজ রেস্টুরেন্ট অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাজ্যের সফল রেস্তোরাঁ, শেফ ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের মতে, এশিয়ান কারি অ্যাওয়ার্ডস যুক্তরাজ্যের এশীয় খাদ্যসংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তা শিল্পের সাফল্য তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।






