উৎসবমুখর পরিবেশে চলছে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকেরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩১টি চা বাগান ও শাখায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে শ্রমিকদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেক ভোটকেন্দ্রে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের পাশাপাশি চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর এলাকার কেন্দ্রগুলোতেও ভোট দিতে আসেন শ্রমিকেরা। তীব্র শীত উপেক্ষা করে সকালেই কেন্দ্রে উপস্থিত হন অনেকে। বাগানজুড়ে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে তৈরি হয়েছে নির্বাচনি আমেজ।
দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কার্যকর নেতৃত্বের অভাব তৈরি হয়েছিল বলে জানিয়েছেন ভোটাররা। তাদের প্রত্যাশা, এবারের নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে। নতুন প্রতিনিধিরা শ্রমিকদের মজুরি, বাসস্থান, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও জমিসংক্রান্ত সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩১টি চা বাগান ও শাখায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় এক লাখ ৪৫ হাজার শ্রমিকের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ের ৬০০টির বেশি প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। এ ছাড়া কমলগঞ্জে ১৪ হাজার ৪৩০, কুলাউড়ায় ৮ হাজার ৬৫৬, জুড়ীতে ৭ হাজার ৮৪৯, রাজনগরে ৫ হাজার ৭৫২, বড়লেখায় ৩ হাজার ৮১৭ এবং মৌলভীবাজার সদরে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার ১৮টি চা বাগানের ২২টি পঞ্চায়েতের অধীনে ২২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ দুই উপজেলায় মোট ভোটার ৮ হাজার ৭০২ জন। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৮ এবং নারী ৪ হাজার ৬১৪ জন।
শনিবার সকাল সাড়ে ৯টায় ফটিকছড়ির সুজানগর চা বাগানের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন শ্রমিকেরা।
কর্ণফুলী চা বাগানের ফেনুয়া ডিভিশন পঞ্চায়েতের সভাপতি পদপ্রার্থী বিপ্লব দে বলেন, ২০১৮ সালের পর দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফেনুয়া ডিভিশনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের ন্যায্য পাওনা, মজুরি ও ঘরবাড়ির অধিকার আদায়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত বাগানের পরিবেশ ভালো রয়েছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।
ফটিকছড়ি উত্তরের নেপচুন চা বাগানের সাধারণ ভোটার উপলক্ষ্মী ত্রিপুরা বলেন, তাদের বাগানে বিশুদ্ধ পানির সংকট, জমির সমস্যা, চিকিৎসক ও ওষুধের অভাবসহ কাজের নিরিখ নিয়ে নানা সমস্যা রয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব সমস্যার সমাধানের প্রত্যাশা নিয়ে তারা ভোট দিচ্ছেন।
মৌলভীবাজারের শ্রমিক ভোটাররাও দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। তাদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ এগিয়ে চলছে। নির্বাচন ঘিরে সাধারণ শ্রমিক ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগান এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফটিকছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে চারজন করে পুলিশ ও চারজন করে নিরস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুলিশের মোবাইল টিম, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারাও দায়িত্বে রয়েছেন। আশা করা হচ্ছে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।
এদিকে হবিগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের আনাগোনা বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকালে চুনারুঘাটের চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। সকাল ৮টায় এ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দিতে আসেন শ্রমিকেরা। সকাল ১১টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ৮০০ ভোটারের মধ্যে ২২০ জন ভোট দিয়েছেন। অর্থাৎ প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ।
দীর্ঘ আট বছর পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নারী শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ২৬টি চা বাগানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব বাগানে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। তাদের মধ্যে নারী ১১ হাজার ৬৮ এবং পুরুষ ১০ হাজার ১৪৯ জন। ভোটগ্রহণের জন্য ৮৫টি বুথের ব্যবস্থা করা হয়েছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রীয়, ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন শ্রমিকেরা। নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শ্রমিকদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব তাদের দীর্ঘদিনের দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা বাগানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অধিকাংশ বাগান সীমান্তসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত রয়েছে।







