আজমিরীগঞ্জে এক কৃষকের তিন গরুর মৃত্যু, বিষক্রিয়ার সন্দেহ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারের পশ্চিম পাশের একই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গরুগুলো মারা যাওয়ার খবর পান মালিক শাহানুর মিয়া। তবে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ বিষক্রিয়ার সন্দেহ করলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
গরুর মালিক শাহানুর মিয়া জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি তাঁর গোয়ালঘর থেকে গরুগুলো হাওরে নিয়ে যান। দুপুরে খবর পান, তাঁর তিনটি গরু সড়কে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুগুলোকে মৃত অবস্থায় দেখতে পান তিনি।
একই কৃষকের তিনটি গরুর মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। গরুগুলো কীভাবে মারা গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে গরুগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছিল, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন হোসেন জানান, গরু মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারও বিরুদ্ধে গরুগুলোকে হত্যা করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।







