আজমিরীগঞ্জে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও ছাতা বিতরণ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাতা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন।
বিতরণ কার্যক্রমের আওতায় জলসুখা ইউনিয়নে ৫টি, সদর ইউনিয়নে ১৪টি এবং বদলপুর ইউনিয়নে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া নারী ও শিশুদের জন্য ১৭টি সেলাই মেশিন দেওয়া হয়। সব মিলিয়ে ৫১টি সেলাই মেশিন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের রোদ বৃষ্টি থেকে নিরাপদের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩৫টি ছাতা বিতরণ করা হয়।
যুবকদের মাদক থেকে দূরে রাখতে জলসুখা একাদশ ও দ্বাদশ ক্লাবের জন্য ৪টি কেরামবোর্ড, ৪টি ফুটবল ও ৪টি ভলিবল প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-প্রতিনিধি ও নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সাখাওয়াত হাসান বলেন, শিক্ষা ও ক্রীড়ার পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণ করা সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপকারভোগীরা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।








