আত্মীয়ের বাসা থেকে এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের আট মাসের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) ও তাদের আট মাসের শিশু।
ওসি জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সূত্র:আমাদেরসময়






