বালু তুলতে গিয়ে দুই নৌকার মাঝে চাপা পড়ে শ্রমিক নিহত
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি নৌকার মাঝে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রংছাতি ইউনিয়নের বড়ুয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নদে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে আশপাশের এলাকায় ভাঙন বেড়ে বসতবাড়ি, কৃষিজমি, বাজার ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। গত কয়েক বছরে অনেক পরিবার নদের ভাঙনে জমি হারিয়েছে।
নিহত রিফাত (২০) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পাশাপাশি থাকা দুটি নৌকার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। সহকর্মীরা তাঁকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, প্রায় এক মাস ধরে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুই শতাধিক ইঞ্জিনচালিত নৌকায় মহাদেও নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। পরে নদের তীরের বিভিন্ন স্থানে বালু মজুত করে ট্রলি ও ড্রামট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। শ্রমিকদের ভাষ্য, প্রতিদিন গড়ে প্রায় ২২০টি ছোট-বড় নৌকায় বালু তোলা হয়।







