বাংলাদেশি ফুটবলার এবার অস্ট্রেলিয়া দলে

কানাডা জাতীয় দলে খেলা শমিত সোম এখন লাল-সবুজের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করছেন। ইংল্যান্ড যুবদলে খেলা হামজা চৌধুরীও আছেন এই তালিকায়। এবার বিপরীত চিত্রও আছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আরহাম ইসলাম অস্ট্রেলিয়া দলের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই খেলেছিল বাংলাদেশ। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেন অস্ট্রেলিয়ান আরহাম ইসলাম।
এক বছর পর তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া ডিসেম্বরে মাঝামাঝি সময়ে জাপানে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। ওই আসরে অংশ নিবে স্পেনের অনূর্ধ্ব-২০ দল। জাপানের জাতীয় অনূর্ধ্ব-২০ দলের পাশাপাশি জাপানের ক্লাব দলের সঙ্গেও এক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সম্প্রতি ফিফা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলেছে। তারপর তারা নতুন উদ্যমে গড়ে ওঠার লক্ষ্যে জাপানের এই টুর্নামেন্টে ২০ জনের দল ঘোষণা করেছে, যার মধ্যে ১৩ জনই অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায়। ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহাম তাদের একজন। এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের ম্যানেজার ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক জাহিদ হাসান এমিলি। বাংলাদেশের হয়ে খেলা আরহামের অস্ট্রেলিয়ার জুনিয়র দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে এমিলি বলেন, ‘একজন বাংলাদেশি অস্ট্রেলিয়া জুনিয়র দলে খেলবে, এটা খুব গর্বের। অনূর্ধ্ব-২০, এরপর অনূর্ধ্ব-২৩, পরে জাতীয় দল। তার যে যোগ্যতা, সে একদিন অস্ট্রেলিয়া দলেও খেলতে পারে। আবার হতাশার ব্যাপার হলো, বাংলাদেশে সে অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করলেও বাস্তবতা বিবেচনায় তাকে বাংলাদেশ আর নাও পেতে পারে।’ আরহাম ফরোয়ার্ড পজিশনে খেলেন। কম্বোডিয়া টুর্নামেন্টে তিনি ভালোই খেলেছিলেন। গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই খেলেছে। সেখানে আরহামকে ডাকা হয়নি। এ নিয়ে এমিলি খানিকটা আফসোসের সুরে বলেন, ‘গত এক বছর আরহাম বা তার পরিবারের সঙ্গে ফেডারেশন যোগাযোগ রেখেছে কিনা আমার জানা নেই। অনূর্ধ্ব-২৩ কিংবা অন্য টুর্নামেন্টেও তাকে খেলানোর জন্য ডাকা যেত। সে ও তার পরিবার বাংলাদেশকে প্রথম গুরুত্ব দেয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে খেলেছে। এরপর ফেডারেশনের উচিত ছিল তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা, কারণ সে অত্যন্ত ভালো মানের খেলোয়াড়।’
কম্বোডিয়ায় বাংলাদেশের ওই দলের কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি পরবর্তীতে অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। ওই দলে আরহাম ডাক পাননি। তখন এটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। গতকাল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার পর তিনি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা নিয়ে এখন সন্দেহ আছে। তবে টেকনিক্যাল ডিরেক্টর জানিয়েছেন, আরহাম ও তার বাবার সঙ্গে ফেডারেশনের যোগাযোগ রয়েছে।







