বিএনপি নেতা আলী হোসেনের ইন্তেকাল, এমপি জীবনের শোক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিএনপির এক নিবেদিতপ্রাণ নেতা মোঃ আলী হোসেন (৫৫) আর নেই। শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বানিয়াচং উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন এবং দলীয় নেতাকর্মীদের কাছে ছিলেন আস্থার প্রতীক।
শনিবার বিকাল সাড়ে ৫টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে মরহুমের জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, আলী হোসেনের মৃত্যুতে দল একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মীকে হারাল।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, সততা ও নিষ্ঠার কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
জানাযার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।







