বিমানবন্দর থেকে ঢাবিতে নেওয়া হবে হাদির মরদেহ
দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাকে গ্রহণ করতে সবাইকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। সেখান থেকে মরদেহটি সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
পরবর্তী আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পৌঁছানোর পর ছাত্র-জনতা রাজপথে অবস্থান নিয়ে বিচারের দাবিতে স্লোগান অব্যাহত রাখবেন।
একই সঙ্গে ইনকিলাব মঞ্চ ছাড়া অন্য কারো নির্দেশনা বা প্ররোচনায় সাড়া না দেওয়ার অনুরোধ জানানো হয়। খুব শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণার কথাও উল্লেখ করা হয়। পোস্টে বলা হয়, শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত করেই তারা ঘরে ফিরবেন—ইনশাআল্লাহ।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ মর্যাদাপূর্ণ ও নির্বিঘ্নভাবে দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করেন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।








