বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করলো টাস্কফোর্স
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় শনিবার (৪ এপ্রিল) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দ করেছে টাস্কফোর্স। অভিযানে কোয়ারির বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
শনিবার সকালে পরিচালিত এই টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব সংবাদমাধ্যমকে বলেন “পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে আমাদের এই টাস্কফোর্সের অভিযান নিয়মিত কার্যক্রমের একটি অংশ। শ্রীপুর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সংবাদের ভিত্তিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ২৫০০ ঘনফুট পাথর জব্দ করতে সক্ষম হয়েছি। যারা আইন অমান্য করে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে এবং অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।”
সরকারি বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত সিন্ডিকেট শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান কর্মকর্তারা।







