চাকলাপুঞ্জি চা বাগানে বিশুদ্ধ পানির ব্যবস্থা
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল-এর দিকনির্দেশনা ও তাঁর সুযোগ্য সন্তান সৈয়দ শাফকাত আহমেদের তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বাগান এলাকায় একটি গভীর নলকূপ স্থাপন ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করায় শতাধিক চা শ্রমিক পরিবার এখন নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় চাকলাপুঞ্জি চা বাগানে দীর্ঘদিন ধরে পানযোগ্য পানির তীব্র সংকট ছিল। স্থায়ী নলকূপ বা বিশুদ্ধ পানির নির্ভরযোগ্য কোনো উৎস না থাকায় শ্রমিক পরিবারগুলোকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো। অনেক সময় অপরিষ্কার ও জীবাণুযুক্ত পানি পান করায় নারী ও শিশুসহ শ্রমিকরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হতেন। এতে স্বাস্থ্যঝুঁকি ও দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
জাতীয় সংসদ নির্বাচনের সময় সৈয়দ শাফকাত আহমেদ সরেজমিনে বাগানটি পরিদর্শন করে শ্রমিকদের দুর্দশার বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন। পরবর্তীতে তাঁর নির্দেশনায় সেখানে একটি গভীর নলকূপ স্থাপন করা হয় এবং পাইপলাইনের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোর মাঝে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
চা শ্রমিক হৈমন্তি সাঁওতাল বলেন, “আগে অনেক দূর থেকে পানি এনে ব্যবহার করতে হতো। নোংরা ও অপরিষ্কার পানি পান করে অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে। এখন গভীর নলকূপ হওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছি, এতে আমাদের কষ্ট অনেকটাই কমে গেছে।” তিনি এ উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ চা শ্রমিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে এবং স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমাবে।






