ছাতকে শিশু অপহরণ মামলায় চার্জশিট, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুনামগঞ্জের ছাতকে ৯ বছরের শিশু অপহরণ মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলায় দুইজনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১ নম্বর আসামি রাশেদা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০ আগস্ট ২০২৬ তারিখে ছাতক থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মুমিন তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিটে রাশেদা আক্তার (৩১) ও নুরুল আবছার (৩৭)-কে আসামি করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, ঘটনাস্থলের খসড়া মানচিত্র তৈরি, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং আসামিদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হয়েছে। তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এদিকে চার্জশিট দাখিলের পর মামলার ১ নম্বর আসামি রাশেদা আক্তারকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ছাতক থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়।
মামলাটি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।








