ছাত্রদল নেতা সালাউদ্দিন ইমরান বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন ইমরানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেইসাথে সালাউদ্দিন ইমরানের সাথে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।
সহ-সভাপতি পদমর্যাদায় জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে (সালাউদ্দিন ইমরান) কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিলোয়ার হোসেন দিনার জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক সালাউদ্দিন ইমরানকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।
দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, দীর্ঘদিন থেকে সালাউদ্দিন ইমরান বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েন, বিশেষ করে ফেইক ফেইসবুক আইডি দিয়ে এয়ারপোর্ট থানা এলাকায় ছাত্রদলের ৪/৫ জন নেতাকর্মীরা বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছে। পাশাপাশি চোরাচালানের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়। বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দাখিল করলে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত নেন।






