চুনারুঘাট থানা ও কাশিমনগর ফাঁড়ি এসপি ইয়াছমিন খাতুনের পরিদর্শন
হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন চুনারুঘাট থানা এবংমাধবপুরের কাশিমনগর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।
বুধবার বিকেলে তিনি থানা ও ফাঁড়ির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, তদন্ত কার্যপ্রবাহসহ সার্বিক দিক তিনি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও মানবিকতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, চুনারুঘাট একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি অফিসারকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। দ্রুত সাড়া প্রদান, টহল জোরদার, অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। এ সময় তিনি বিট পুলিশিং, নারী-শিশু সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং কমিউনিটি পুলিশিং আরও সক্রিয় করার নির্দেশনা দেন। পরিদর্শনের অংশ হিসেবে থানার নথিপত্র, ডিউটি রোস্টার, হাজতখানা, অস্ত্রাগার, তদন্ত কক্ষ, গ্রহণ ও নিষ্পত্তির রেজিস্টারসহ বিভিন্ন কার্যপরিচালনা সরেজমিন পর্যালোচনা করেন। পাশাপাশি কাশিমনগর পুলিশ ফাঁড়ির অবকাঠামো, ফোর্সের উপস্থিতি, টহল কার্যক্রম এবং এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করেন। এর আগে তিনি চুনারুঘাট থানায় প্রবেশ করলে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শন শুরুর আগে প্রস্তাবিত শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থানও তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম সালিমুল হক, চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম, ইনস্পেক্টর (তদন্ত) আল আমিন মীর এবং কাশিমনগর ফাঁড়ির ইনচার্জসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







