ধানের শীষের গণজোয়ার—নোয়াহাটিতে বিশাল নির্বাচনী জনসভা মানুষের ঢল
হবিগঞ্জের মাধবপুরে রবিবার দুপুরের পর থেকেই হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের সমর্থনে শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ নোয়াহাটি বাজারের দিকে এগোতে থাকেন। নানা বয়সী নেতাকর্মী ও সাধারণ জনগণ দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে মিছিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে এক বিশাল জনতার সমাবেশ গড়ে তোলেন। বিকেলের দিকে পুরো এলাকা ঢাক–ঢোলের বাদ্য, মাইকের স্লোগান আর উৎসবমুখর পরিবেশে প্রকম্পিত হয়ে ওঠে।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলো থেকে দীর্ঘ সারির মিছিল নোয়াহাটি বাজারে এসে মিশতে থাকে। দুপুর থেকে শুরু হওয়া এই মিছিল বিকেল হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল ৪টার দিকে নোয়াহাটি বাজার মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাস্থল তিল ধারণের জায়গা ছিল না—নারী, পুরুষ, চা–শ্রমিক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সমাজের নানা শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো বাজার এলাকা মানুষের কণ্ঠে ধানের শীষের স্লোগানে মুখরিত হতে থাকে।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মো. ফয়সল। বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা নিয়েই সামনে এগোতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে আমি মানুষের জন্য কাজ করতে চাই। মাধবপুর–চুনারুঘাটের মানুষের যে আস্থা আমাকে আজ এই বিশাল সমাবেশের মাধ্যমে দেখালেন, তা আমার শক্তি ও সাহস।
তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে কাউকে রাজনৈতিক পরিচয়ের কারণে অবহেলা বা নির্যাতনের শিকার হতে হবে না। বিএনপি সরকার ক্ষমতায় এলে বর্ণ-ধর্ম নির্বিশেষে সবার মর্যাদা নিশ্চিত করা হবে। কেউ অন্যায়–অত্যাচারের শিকার হবে না। প্রতিটি মানুষ তার স্বাধীন পেশায় মানবিক সম্মান নিয়ে চলাফেরা করতে পারবে।
সভায় জেলা বিএনপির সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান তার বক্তব্যে বলেন, মাধবপুর–চুনারুঘাটে আজ যে জনসমুদ্র দেখা গেল, তা প্রমাণ করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই মানুষের ভালোবাসার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। ফয়সলের নেতৃত্বে আগামী দিনগুলোতে এই এলাকায় গণতন্ত্র ও উন্নয়ন ফিরিয়ে আনা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসাইন মো. রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি প্রমুখ। তারা বলেন, বিএনপির পক্ষে আজ যে গণজোয়ার দেখা গেল, তা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের বহিঃপ্রকাশ।
অন্যদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে নোয়াহাটি বাজার ও আশপাশের এলাকায় দিনভর ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। দোকানপাট, বাজার এলাকা, রাস্তার মোড়—সবখানে মানুষের ভিড় লেগে থাকে। বিশেষ করে চা বাগানগুলো থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে রঙিন টি–শার্ট পরে নারী–পুরুষের দলবদ্ধ আগমন ছিল জনসভায় সবচেয়ে নজরকাড়া দৃশ্য। তাদের উপস্থিতিতে সমাবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এত বড় ও উৎসাহমুখর রাজনৈতিক সমাবেশ এলাকায় আর দেখা যায়নি। এ জনসমাগম স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—মাধবপুর–চুনারুঘাটে ধানের শীষের প্রতি মানুষের প্রত্যাশা ও আস্থা দ্রুত বাড়ছে এবং আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।








