দিরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শিশ আহমদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল শ্যামারচর এলাকায় অভিযান চালিয়ে শিশ আহমদকে আটক করে। পরে তার কাছ থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শিশ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।







