দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চরম অস্থিরতা
২০২৫ সালে দক্ষিণ এশিয়া চরম রাজনৈতিক অস্থিরতার সময় পার করেছে। এ সময়ে প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার পতন, তরুণ-নেতৃত্বাধীন ‘জেন জেড’ বা জেন জি আন্দোলনের ধারাবাহিকতা বজায় ছিল। ভারত-পাকিস্তানের মধ্যে এক বড় সামরিক সঙ্কট দেখা দেয়। তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে পরে স্বস্তি মেলে। নেপালে সরকারের পতন ঘটিয়ে দেয় জেন জি আন্দোলন। এসব মিলেমিশে পুরো অঞ্চলকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয় এ বছর। ২০২৫ সালের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর বৈরী প্রতিবেশী কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এই সঙ্কট আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেয়।
ভারত-পাকিস্তান যুদ্ধ
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন মানুষ মারা যাওয়ার পর পাকিস্তানের ভিতরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালাতে থাকে। চারদিন দুই দেশের মধ্যে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে লড়াই। এ সময়ে ভারতের প্রায় ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। ভারতও দাবি করে তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে হামলা করে তাদের প্রভূত ক্ষতি করেছে। তাতে নিহত হয়েছেন অনেক মানুষ। এই লড়াই যখন পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছিল তখন যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর কৃতীত্ব দাবি করেন। তিনি বলেন, তার অনুরোধে ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে ভারত সেই দাবি প্রত্যাখ্যান করে।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা
বছর জুড়ে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্ক অবনত হয়ে সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। কূটনৈতিক আলোচনায় কাক্সিক্ষত ফল না আসায় ইসলামাবাদ নতুন অভিবাসননীতি আরও জোরদার করে। হাজার হাজার আফগান নাগরিককে বহিষ্কার করা হয় এবং রাজধানী অঞ্চলে অভিবাসী বসতি নিষিদ্ধ করা হয়, যাতে কাবুলের ওপর চাপ সৃষ্টি করা যায়। পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের ভিতরে গুপ্ত আক্রমণ চালাতে থাকে। এর জবাবে পাকিস্তান আফগানিস্তানে টিটিপিকে টার্গেট করে হামলা চালাতে থাকে। এক পর্যায়ে তীব্র হামলায় পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। পরে পাকিস্তান ও তালেবানদের মধ্যে চুক্তি হয়। পরিস্থিতি তার পর থেকে মোটামুটি শান্ত আছে।
বাংলাদেশের উত্তরণপর্ব
২০২৪ সালে শেখ হাসিনার অপসারণের পর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ডিসেম্বরের সহিংসতা ও রাজনৈতিক টানাপোড়েন মোকাবিলায় কঠিন সময় পার করে। বছরের শেষে এসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নৃশংসভাবে দিনের আলোতে গুলি করে হত্যা করা হয় রাজপথে। এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দেয়। হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা, পরে সিঙ্গাপুরের হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নেয়া হলেও বাঁচানো যায়নি। তার জানাজায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন। হাদি হত্যার বিচারের দাবিতে বছরের শেষেও আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ। বছরের শেষ দিকে এসে সরকার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। ২০২৬ সালের শুরুতে ১২ই ফেব্রুয়ারি সেই নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওদিকে শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়া এবং সম্প্রতি হাদি হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
মিয়ানমারের অভ্যন্তরীণ ধস
২০২৫ সালের শুরুর দিকে সামরিক জান্তা বিস্তীর্ণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হারায়। ওইসব অঞ্চল এখন বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনের হাতে। এর মধ্যে আছে আরাকান আর্মি। তারা বর্তমানে কার্যত এক প্রকার অনানুষ্ঠানিক সীমান্ত দেখাশোনা করছে। বছরজুড়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েছে। এতে বহু সেনা হতাহত হয়েছেন। এখানে সামরিক জান্তা মিন হ্লাইং মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচিকে কারারুদ্ধ ও তার দলকে নিষিদ্ধ রেখে সামরিক অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন করছে। ২৮শে ডিসেম্বর শুরু হয়েছে এই নির্বাচন।
নেপালের জেন জি বিপ্লব
বছরের শেষদিকে নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে এক বিশাল ‘জেন জেড’ গণআন্দোলন সরকারকে ক্ষমতাচ্যুত করে। টিকটক ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল আন্দোলনের তাৎক্ষণিক উদ্দীপক। এ দুটি মাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গড়ে ওঠে ওই আন্দোলন। এক পর্যায়ে তা সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে রূপ নেয়। মাত্র কয়েকদিনের আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও পদত্যাগে বাধ্য হন। তার মন্ত্রীরা আন্দোলনকারীদের হাতে নাস্তানাবুদ হন। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারা ২০২৬ সালে নতুন নির্বাচন ঘোষণা করেছে।
শ্রীলঙ্কার অর্থনৈতিক পরবর্তী অধ্যায়
রাজাপাকসে পরিবারের পতনের পর দেশ কিছুটা স্থিতির লক্ষণ দেখালেও ২০২৫ সালজুড়ে সাবেক নেতাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে জনগণের অব্যাহত দাবিই ছিল প্রধান আলোচ্য বিষয়।








