দৌলতদিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় সাকিব-তামিমদের শোক
দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, পাশাপাশি অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও।
ক্রিকেটার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক, এই প্রার্থনা রইল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
’
সাকিবের সতীর্থ আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’
জাতীয় দলের ক্রিকেটার শেখ মাহেদী হাসান লিখেছেন, ‘একটা ছোট ভুল, আর তার মাশুল এত বড়… দৌলতদিয়ার নদীতে ডুবে গেল কত স্বপ্ন! কারো বাবা, কারো ভাই, কারো সন্তানের জীবন থেমে গেল।
এই শোক ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ তাদের মাফ করে দিন এবং পরিবারকে ধৈর্য দান করুন।’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিল, কেউই ভাবেনি এটাই শেষ যাত্রা…পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।সাবেক পেসার রুবেল হোসেন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘কেন এত দুর্ঘটনা আমাদের দেশে? ঈদ এলে আমাদের দেশে কেন জানি মিশে যায় শোকের ছায়া…এটা কি আমাদের ভুল, নাকি নিয়তির পরীক্ষা, নাকি আমাদেরই অসচেতনতা?’
জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘হে আল্লাহ সকলকে হেফাজত করুন। সকলের প্রতি তোমার অনুগ্রহ বজায় রেখো।’







