দুর্গম বনাঞ্চলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-বিয়ার জব্দ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান রাত ৮টা ১২ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার সেগুন বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা কয়েকজন মাদক পাচারকারী বস্তাভর্তি মালামাল নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ অবস্থায় পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ৯৯ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল ভারতীয় মদ ও ১৫ বোতল বিয়ার আটক করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।







