এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি এক দশকে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার নবম বার্ষিকী উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। একই অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’ প্রকাশ করা হয়।
সকাল ১১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং এম সাইফুর রহমান ভবনে যায়। সেখানে ভবনের মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ডেইলি ওয়াদা’র সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ।
এ ছাড়া বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন।
রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামী, শিবির সভাপতি আবু তাহের মিছবাহ ও ছাত্র-মজলিসের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ।
বক্তারা জানান, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থরক্ষায় সোচ্চার ছিল। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে এই সংগঠনের কলম সবসময় সচল থাকবে। তাদের লেখনীর মাধ্যমেই এগিয়ে যাবে সিলেটের শতবর্ষী এই প্রতিষ্ঠান।
রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহার সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ বুলবুল আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম।
এক দশকে পদার্পণের এই আয়োজনে প্রকাশ করা হয় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’। আলোচনা সভা শেষে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়। এর প্রচ্ছদ করেছেন সংগঠনের সাবেক নির্বাহী সদস্য শাহ রাকিবুল হাসান রাফি। প্রচ্ছদ তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে কেক কেটে সংগঠনের এক দশকে পদার্পণ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়। সংগঠনের সহযোগী সদস্য নূর আহমদ গান পরিবেশন করেন।
এক দশকে পদার্পণের এই আয়োজনে বক্তারা এমসি কলেজের গৌরব, ঐতিহ্য ও সম্ভাবনাকে গণমাধ্যমে সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরার ক্ষেত্রে রিপোর্টার্স ইউনিটির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানান।







