ফুলতলীতে ঈসালে সাওয়াব মাহফিলস্থল পরিদর্শন করলেন আইনশৃঙ্খলা বাহিনী
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে মাহফিলস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
১১ জানুয়ারি রোববার আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি এবং ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের ব্যবস্থাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলীর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, ইন্সপেক্টর (তদন্ত) সুজন মিয়া, পল্লী বিদ্যুৎ জকিগঞ্জের ডিজিএম মোহাম্মদ সারওয়ার জাহান, এজিএম কম মোহাম্মদ আবুল ফজল, এসআই আব্দুল্লাহ আল মোমেন, ডিএসবি’র এডিআইইউ মনিরউজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলার মডেল কেয়ারটেকার সেলিম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে মাহফিলস্থলের সার্বিক নিরাপত্তা, আগত মুসল্লিদের যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো খতিয়ে দেখা হয়। পাশাপাশি মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।







