গাজর খোসা ছাড়িয়ে খাওয়া ভালো নাকি মন্দ?
গাজরের খোসা ছাড়ানো কি বাধ্যতামূলক?
বিশেষজ্ঞরা বলছেন, গাজর খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেওয়া বাধ্যতামূলক নয়। অনেকেই খোসাসহ গাজর খান। তবে একটি শর্ত আছে। গাজর যেহেতু মাটির নিচে জন্মায়, তাই খোসা না ছাড়িয়ে ভালো করে ধুয়ে ও ঘষে পরিষ্কার করা খুবই জরুরি। আদতে খোসা ছাড়িয়ে বা না ছাড়িয়ে—সবজি ভালোভাবে ধোয়ার বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়া ঠিক নয়।
তাহলে অনেকেই খোসা ছাড়িয়ে নেন কেন?
খাবারের নিরাপত্তার চেয়ে এখানে রান্নার ধরনটাই বড় কারণ। বিশেষজ্ঞরা বলছেন, গাজরের খোসার টেক্সচার ভেতরের অংশের চেয়ে একটু আলাদা। কিছু গাজরের খোসা তুলনামূলক শক্ত, খসখসে বা সামান্য তেতোও লাগতে পারে। তবে স্যুপ, বেবি ফুড, স্টিম করার সময় কিংবা ঝরঝরে দেখাতে চাইলে খোসা ছাড়িয়ে নেওয়াই ভালো।
কখন খোসা না ছাড়ালেও চলে?
অনেক ক্ষেত্রেই খোসাসহ গাজর রান্না করা যায়, এতে স্বাদ বা পুষ্টি কমে না। খোসা না ছাড়ানোই ভালো, যখন—গাজর রোস্ট করছেন জুস বানাচ্ছেন
ঝোল, স্টক বা সস বানাচ্ছেন (পরে ছেঁকে নেবেন)
আরেকটি বিষয়, গাজরের গা যদি মসৃণ হয় এবং সহজে পরিষ্কার করা যায়, তাহলে খোসা না ছাড়িয়েই রান্নায় ব্যবহার করা যায়। আরেকটি বাড়তি সুবিধা হলো, খোসা না ছাড়ালে অপচয় কমে, যা পরিবেশের জন্যও ভালো।
পুষ্টিগুণে কি কোনো পার্থক্য হয়?
না। খোসা ছাড়ালে বা না ছাড়ালে পুষ্টিগুণ প্রায় একই থাকে।
গাজরে ভরপুর—
আঁশ
পটাশিয়াম
বিটা-ক্যারোটিন
এই বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপ নেয়, যা চোখ ভালো রাখে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
গাজরের খোসা ছাড়িয়ে তা সিঙ্কে ফেলে দেবেন না। গাজরের খোসা নালা বন্ধ করে দিতে পারে। সরাসরি ময়লার ঝুড়িতে ফেলুন বা সম্ভব হলে কম্পোস্টে দিন।
শেষ কথা
গাজর খাওয়ার আগে খোসা ছাড়ানো বাধ্যতামূলক নয়, এটা মূলত আপনার রান্না আর পছন্দের ওপর নির্ভর করে। ভালো করে ধুয়ে নিলেই বেশির ভাগ ক্ষেত্রে খোসাসহ গাজর নিরাপদ, পুষ্টিকর এবং সুস্বাদু। খোসা ছাড়িয়ে নেন বা না নেন, গাজর যেকোনোভাবেই আপনার জন্য উপকারী। সূত্র: বেটার হোমস অ্যান্ড গার্ডেনস






