গিয়ে বিপাকে মেসি
মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু হয়েই গেছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। ঠিক এই সময় দলটা গেছে পুয়ের্তো রিকোতে, একটা প্রীতি ম্যাচ খেলতে। মূলত অনুরোধ রক্ষা করতেই এই ম্যাচটা খেলতে যায় মেসির দল। গিয়েই বিশাল ফ্যাসাদে পড়ে যেতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। শেষমেশ অবশ্য ২-১ গোলের জয় নিয়ে অক্ষতভাবেই মিয়ামিতে ফিরতে চলেছে গেল মৌসুমের এমএলএস চ্যাম্পিয়নরা।
১৬ মিনিটে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। সান্তি মোরালেস কাছ থেকে গোল করেন। অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। তবে এক মিনিটের মধ্যেই সমতা ফেরায় ইনডিপেনডিয়েন্তে দেল ভালে। পাত্রিক মের্কাদো গোল করেন।
মেসি শুরুতে বেঞ্চে ছিলেন। দ্বিতীয়ার্ধে তাকে নামানো হয়। ৭০ মিনিটে পেনাল্টি পায় ইন্টার মিয়ামি। হ্যান্ডবলের জন্য পেনাল্টি দেন রেফারি। সুয়ারেজ বল আদায় করেন। মেসি জোরালো শটে ডান দিকের ওপরের কোণে বল পাঠান। এটিই জয়সূচক গোল।
এই ম্যাচটা মূলত হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। সেদিন একই ভেন্যুতে মেসিকে দেখার আশা ছিল সমর্থকদের। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে ম্যাচ পিছিয়ে যায়।
বৃহস্পতিবারের ম্যাচ শুরু হতেও বেগ পেতে হয়েছে বেশ করে। ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। দুই দলই প্রথমে কালো জার্সি পরে মাঠে নামে। পরে জার্সি বদলানো হয়।
এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মেসি গোল করার পরে এক সমর্থক মাঠে ঢুকে তাকে ধাক্কা দেন। নিরাপত্তাকর্মীরা ধাওয়া করছিলেন ওই সমর্থককে। ধাক্কায় মেসি মাটিতে পড়ে যান। তবে তিনি দ্রুত উঠে দাঁড়ান। তিনি আঘাত পাননি।
শেষ দিকে আরও কয়েকজন সমর্থক মাঠে ঢুকে পড়েন। তাদের মধ্যে অনেক শিশু ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ বাঁশির পর মেসিকে নিরাপত্তা দিয়ে মাঠ থেকে বের করে নেওয়া হয়।
এই ম্যাচ দিয়ে অবশেষে মিয়ামির প্রাক-মৌসুম শেষ। এখন ২০২৬ মেজর লিগ সকার মৌসুমে নজর ইন্টার মিয়ামির। তারা পরের ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে। ভেন্যু ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম। ২০২৩ সালের জুলাইয়ে যোগ দেওয়ার পর এই মাঠে এখনো খেলেননি মেসি।





