হাওরাঞ্চলকে সমৃদ্ধ ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: তোফায়েল খান
সুনামগঞ্জের হাওরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামগ্রিক জীবনমান উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা আংশিক) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, জনগণ যদি জামায়াতকে সুযোগ দেয়, তবে আমরা হাওরাঞ্চলের জনগণের মৌলিক সেবা নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও উন্নত অঞ্চল গড়ে তুলব।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা আব্দুর রউফ খোকন, এবং সঞ্চালনায় ছিলেন ইয়াকুব হোসেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
তোফায়েল আহমদ খান আরও বলেন,হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার করা হবে। প্রতিটি হাওরপাড়ে সুলভ চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্নত করা হবে।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উন্নত ফসল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। জনদুর্ভোগ কমাতে যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদি হাসান তুহিন, উপজেলা নায়েবে আমীর সেলিম হায়দার, সাবেক ছাত্র নেতা ইমরুল হাসান জাফরী, উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমদ, সফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।








