হাওর ও নদী রক্ষা আন্দোলনের জগদল ইউনিয়ন কমিটির সভাপতি বকুল, সম্পাদক কবির
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুল আমিন বকুলকে সভাপতি, কবির আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ২টায় জগদল বাজারে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মোঃ বদরুজ্জামান বদরুল। সভা পরিচালনা করেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মামুন আহমদ।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন,সিনিয়র সহ-সভাপতিঃ ফারুক আলী, সহ-সভাপতি আলকাবুর রহমান ও মির্জা হুসাইন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং অর্থ সম্পাদক সজীব দত্ত।
সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে হাওর। প্রতিবছর বোরো ফসল ঘরে তোলার আগে আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থানে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করা হলেও অনেক ক্ষেত্রে স্থায়ী সমাধান হচ্ছে না। নদীর পানির প্রবল স্রোত ও ঢেউয়ের আঘাতে দুর্বল বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়, এতে কৃষকের স্বপ্নের ফসল ঝুঁকির মুখে পড়ে।
বক্তারা আরও বলেন, শুধু মাটির বাঁধ নির্মাণ করে দীর্ঘমেয়াদে হাওরের ফসল রক্ষা করা সম্ভব নয়। নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ বাঁধে প্রয়োজন অনুযায়ী কংক্রিটের ব্লক স্থাপন, গাইডওয়াল নির্মাণ এবং আধুনিক প্রকৌশলগত পদ্ধতিতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। এতে বাঁধের স্থায়িত্ব বাড়বে এবং প্রতিবছর একই স্থানে সংস্কারের পেছনে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ের প্রবণতা কমানো সম্ভব হবে।
হাওরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রতিটি হাওরে পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, নদ-নদীর নাব্যতা কমে যাওয়া এবং স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বর্ষা ও অতিবৃষ্টির সময় হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে নদ-নদী খনন, খাল পুনরুদ্ধার এবং পানিপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এছাড়া ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য প্রতিবছর হাওরের অবশিষ্ট উঁচু ও পাকা কৃষিজমি থেকে মাটি কাটার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁদের মতে, অপরিকল্পিতভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের ফলে জমির উর্বরতা ও স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গবাদিপশুর বিচরণ ও ঘাস খাওয়ার জায়গাও সংকুচিত হচ্ছে। তাই কৃষিজমি ও পরিবেশের ক্ষতি এড়িয়ে বিকল্প মাটির উৎস নির্ধারণ করে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করতে হবে।
সভায় হাওর রক্ষা বাঁধের প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও তদারকিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রকল্প গ্রহণের আগে স্থানীয় কৃষক ও উপকারভোগীদের মতামত নেওয়া এবং মাঠপর্যায়ের বাস্তবতা যাচাইয়ের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
নবগঠিত জগদল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, হাওর, নদী, কৃষক ও পরিবেশের স্বার্থ রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন জোরদার করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর অস্থায়ীভাবে মাটির বাঁধ নির্মাণ ও সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্লক স্থাপন, গাইডওয়াল নির্মাণ, নদী খনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশনের সমন্বয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করবেন।
হাওর বাঁচলে বাঁচবে কৃষক, নদী বাঁচলে বাঁচবে জেলে, এই স্লোগানকে সামনে রেখে দিরাইয়ের হাওর ও নদী রক্ষা আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।






