হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামি বন্দির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামি বন্দির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। বুধবার সকালে বাথরুমে পড়ে গেলে কারা চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন রাসেল মিয়া। সকাল ৯টায় আসামী ওয়ার্ড থেকে কারাগারের হাসপাতালে নিয়ে আসেন তারই দুই ভাই। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে তিনি সকাল ১০টা ২০মিনিটে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় পরদিন নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে রাসেল মিয়াসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।







