হবিগঞ্জে ৪ ঘণ্টায় অপহৃত ৫ বছরের শিশু উদ্ধার, মূলহোতা গ্রেফতার
হবিগঞ্জে বসতঘরে সিঁধ কেটে ঢুকে মা ও মেয়ের হাত-পা বেঁধে পাঁচ বছরের শিশু সানি মাহমুদ ইয়াসিনকে অপহরণের ঘটনায় মূল হোতা হাফিজুর রহমান জিহানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অপহরণের মূলহোতাকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামের আনু আক্তারের (৩৪) বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হাফিজুর রহমান জিহান তার সহযোগীদের নিয়ে ঘরের পেছনের দিকে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। পরে আনু আক্তার ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে জান্নাতের মুখ ও হাত-পা কস্টেপ ও ওড়না দিয়ে বেঁধে পাঁচ বছরের শিশু সানি মাহমুদ ইয়াসিনকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম ভাদৈ গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের মূল হোতা হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান জিহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামের বিজয় মিয়ার (১৯) বাড়ির একটি বসতঘর থেকে অপহৃত শিশু সানি মাহমুদ ইয়াসিনকে উদ্ধার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার হাফিজুর রহমান জিহানকে আদালতে সোপর্দ করা হয়েছে।







