হবিগঞ্জে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
হবিগঞ্জ জেলার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। মঙ্গলবার (৯ ডিসেম্বর ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গ্রাম পর্যায়ে নিরাপত্তা জোরদার, রাত্রিকালীন টহল জোরদার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুলিশ প্রশাসনের অন্যতম সহযোগী শক্তি। এলাকায় অপরাধ দমন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের মতামত ও পরামর্শ মাঠপর্যায়ে আরও কার্যকর ব্যবস্থা নিতে সহায়তা করবে। তিনি আরও বলেন, অপরাধ যেখানেই ঘটুক, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে- সে বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। গ্রামে গুজব, উত্তেজনা বা ছোট ঘটনার জেরে বড় সংঘর্ষ এড়াতে দ্রুত তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।
সভায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পুলিশের প্রতি অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং মাঠ পর্যায়ে সমন্বয় আরও বৃদ্ধি করার প্রস্তাব রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








