হবিগঞ্জে রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

পবিত্র রমজান মাসে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে হবিগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, রমজান শুরুর পর থেকে ১১ রমজান পর্যন্ত হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে অস্থায়ীভাবে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হচ্ছিল। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এখন প্রতিদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এ কার্যক্রম পরিচালিত হবে।
নির্ধারিত মূল্যে প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি হালি ডিম ৩২ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করায় ক্রেতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।






