হবিগঞ্জের নবীগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. খাইরুল ইসলাম চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পর গত ২৯ মার্চ ২০২৬ তারিখে একদল সশস্ত্র যুবক স্থানীয় ছাত্রদল নেতার নির্দেশে মো. খাইরুল ইসলাম চৌধুরীর বাড়িতে হামলা করে। হামলাকারীরা তাঁর বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি ও নানা ধরনের হুমকি প্রদর্শন করে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ রাজনৈতিক আক্রোশ থেকেই এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আকস্মিক এই হামলায় পরিবারের সদস্য ও আশেপাশের লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি সম্পর্কে ইতোমধ্যেই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।








