ঈদের ছুটিতে লাখো ভ্রমণপিপাসুর ঢল সিলেটে
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢলে মুখর হয়ে উঠেছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। নগর জীবনের ব্যস্ততা পেছনে ফেলে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে লাখো মানুষ ভিড় জমিয়েছেন জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পান্তুমাই ও ডিবির হাওরসহ বিভিন্ন পর্যটন স্পটে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেট যেন পরিণত হয়েছে এক উৎসবমুখর জনারণ্যে।
ঈদের দিন থেকেই শুরু হওয়া এই পর্যটকের ঢল ছুটির পুরো সময়জুড়েই অব্যাহত রয়েছে। বিশেষ করে রোববার (২২ মার্চ) সিলেটের প্রায় সব পর্যটনকেন্দ্রেই উপচে পড়া ভিড় দেখা গেছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পাহাড়ঘেরা স্বচ্ছ পানির পাথুরে নদীতে নেমে আনন্দে মেতে ওঠেন হাজারো দর্শনার্থী। অনেক জায়গায় তিল ধারণেরও ঠাঁই ছিল না।
জাফলংয়ের পিয়াইন নদীর স্বচ্ছ জলধারা, বিছানাকান্দির বিস্তীর্ণ পাথুরে প্রান্তর ও পাহাড়ি ঝরনা, রাতারগুলের অনন্য জলাবন এবং পান্তুমাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করছে। প্রতিটি পর্যটন স্পট যেন রূপ নিয়েছে এক একটি উৎসবমঞ্চে।
শুধু পর্যটনকেন্দ্র নয়, সিলেট নগরীর চা বাগান এলাকাগুলোতেও পর্যটকদের ভিড় উপচে পড়েছে। লাক্কাতুরা ও মালনিছড়া চা বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবুজের মাঝে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে সেখানে ভিড় করেছেন হাজারো মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ঈদে সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রায় ৪ থেকে ৫ লাখ পর্যটকের সমাগম ঘটেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
পর্যটকদের অভিজ্ঞতা: আনন্দের সঙ্গে কিছু ভোগান্তিও
ঢাকার গুলশান থেকে আসা পর্যটক নাবিলা শারমিন বলেন, “সিলেটের প্রকৃতি সত্যিই অসাধারণ। পাহাড়, নদী আর সবুজের এমন সমন্বয় অন্য কোথাও খুব একটা দেখা যায় না। ঈদের ছুটিটা এখানে কাটিয়ে দারুণ লাগছে। খুলনা থেকে আসা আনজুমান তাবাসসুম বলেন, “সারাবছরের ব্যস্ততার পর একটু স্বস্তি খুঁজতেই এখানে আসা। প্রতিটি জায়গাই খুব সুন্দর, তবে ভিড় একটু বেশি।”
সিলেট মজুমদারী থেকে জাফলং ঘুরতে আসা সারওয়ার জাহান বলেন, “জায়গাগুলো দারুণ লাগলেও বিছানাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। এতে ভ্রমণের আনন্দ কিছুটা কমে যায়।”
চাঙ্গা স্থানীয় অর্থনীতি
পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় অর্থনীতি। নৌকার মাঝি, হোটেল-রেস্টুরেন্ট ব্যবসায়ী, ট্যুর গাইড, ফটোগ্রাফার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন।
জাফলংয়ের নৌকা মাঝি ছালাম মিয়া বলেন, “ঈদের আগে আয় একেবারে কম ছিল। এখন পর্যটক বাড়ায় প্রতিদিন ভালো আয় হচ্ছে।”
সাদাপাথর এলাকার মাঝি আনোয়ার মিয়া বলেন, “পর্যটক বেশি হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ থাকে। আয়ও ভালো হচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী সেলিম হোসেন জানান, “ঈদের দিন থেকেই দোকানে ভিড় বেড়েছে। পানি, খাবার ও স্থানীয় পণ্যের বিক্রি অনেক বেড়েছে।”
বাড়ছে চাপ, সামনে আসছে নানা সমস্যা
তবে পর্যটকদের এই বিপুল সমাগমের সঙ্গে কিছু সমস্যাও প্রকট হয়ে উঠেছে। বিভিন্ন পর্যটন এলাকায় যানজট, সড়কের বেহাল অবস্থা, মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা এবং অপরিচ্ছন্নতার অভিযোগ করেছেন দর্শনার্থীরা। বিশেষ করে বিছানাকান্দি ও আশপাশের সড়ক ব্যবস্থার দুর্বলতা এবং কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠে এসেছে। কোথাও কোথাও পরিবেশ দূষণের ঘটনাও নজরে পড়েছে।
প্রশাসনের তৎপরতা ও নজরদারি জোরদার
ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগমকে কেন্দ্র করে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পর্যটকদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে অস্থায়ী নজরদারি ব্যবস্থা এবং গড়ে তোলা হয়েছে জরুরি সাড়া দেওয়ার প্রস্তুতি।
সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ সারওয়ার আলম বলেন, “দীর্ঘ ছুটি ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি মাথায় রেখে পর্যটনকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।”
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, “পর্যটন স্পটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে বেশি ভিড় হয় এমন এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।”
ট্যুরিস্ট পুলিশ, জাফলং জোনের ইনচার্জ তপন তালুকদার বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়, প্রতারণা বা কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে আমরা কঠোর নজরদারি চালাচ্ছি। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যটকদের সহায়তায় আমাদের টিম মাঠে সক্রিয় রয়েছে।”
সিলেট অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার চৌধুরী বলেন, “পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। নৌপথ, সড়কপথ এবং দুর্গম এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ টিমও রাখা হয়েছে।”
এদিকে সাদাপাথরসহ বিভিন্ন পর্যটন এলাকায় অতিরিক্ত নৌভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে শুধু নিরাপত্তা নয়, শৃঙ্খলা, সেবা ও পরিবেশ রক্ষায়ও সমন্বিত উদ্যোগ জোরদার করা হয়েছে, যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারেন।
পর্যটন উন্নয়নে পরিকল্পনার কথা
সিলেটের পর্যটনখাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “সিলেটের পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, পর্যটনকেন্দ্রগুলোতে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সড়ক সংস্কার, পর্যাপ্ত পার্কিং সুবিধা, বিশ্রামাগার, নিরাপদ নৌযান ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি ও রাতারগুলের মতো জনপ্রিয় স্পটগুলোতে অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, “পর্যটকদের সংখ্যা যেভাবে বাড়ছে, সে অনুযায়ী সেবার মানও বাড়াতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, পর্যটন খাতকে ঘিরে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। “পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি,”—যোগ করেন তিনি।
পরিবেশ রক্ষার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যই সিলেটের মূল সম্পদ। তাই উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এই সৌন্দর্য উপভোগ করতে পারে।”
সম্ভাবনা ও চ্যালেঞ্জ একসাথে
সব মিলিয়ে এবারের ঈদে সিলেটে পর্যটকদের নজিরবিহীন সমাগম একদিকে যেমন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক গতি এনেছে, অন্যদিকে পর্যটন ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলোও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। হোটেল-রেস্টুরেন্ট, পরিবহন, নৌযান, ক্ষুদ্র ব্যবসা—সবখানেই বেড়েছে লেনদেন ও কর্মসংস্থান; অনেকের জন্য এই সময়টি হয়ে উঠেছে বছরের সবচেয়ে লাভজনক মৌসুম।
তবে পর্যটকের চাপ সামাল দিতে গিয়ে নানা চ্যালেঞ্জও দৃশ্যমান হয়েছে। অপরিকল্পিত পার্কিং, সংকীর্ণ ও জরাজীর্ণ সড়ক, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাব, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এবং কিছু এলাকায় অনিয়ন্ত্রিত ভিড়—এসব বিষয় পর্যটন ব্যবস্থাপনার ঘাটতিকে সামনে এনেছে। পরিবেশবিদদের মতে, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিপুল আগ্রহকে কাজে লাগাতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা। আধুনিক অবকাঠামো গড়ে তোলা, সড়ক যোগাযোগের উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা ও সেবাসুবিধা নিশ্চিত করা, ডিজিটাল তথ্যসেবা চালু করা এবং প্রশিক্ষিত গাইড ও সেবাকর্মী তৈরি—এসব উদ্যোগ বাস্তবায়ন জরুরি।
একই সঙ্গে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পর্যটন বাড়লেও যেন বন, নদী ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কঠোর নীতিমালা ও সচেতনতা কার্যক্রম চালানো প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা গেলে সিলেট শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে।






