জামালগঞ্জে কবরস্থানের জমি দখলের অভিযোগ: পাল্টাপাল্টি অভিযোগ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পলক গ্রামের কবরস্থানের জমিকে একটি পরিবার তাদের সরকারি বন্দোবস্ত ভূমি দাবি করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই গ্রামবাসীর মনে চরম ক্ষোভ আর উত্তেজনা বিরাজ করছে। এরপর পরই বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরিবারের বিরুদ্ধে। পরে অভিযুক্ত ওই পরিবারের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে গ্রামের একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে। এতে করে স্থানীয়ভাবে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে চরমে। স্থানীয় কবরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া অভিযোগ থেকে জানাযায়, প্রায় ১০০ বছর ধরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের লাশ দাফনে ব্যবহৃত পলক গ্রামের কবরস্থানের নির্ধারিত জায়গাটি সম্প্রতি ইব্রাহিম নামে এক ব্যাক্তি তাদের পূর্ব পুরুষরা বন্দোবস্ত নেয়া দাবি করে রাতের আঁধারে কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর একটি ঘর নির্মাণ করেছেন। পরদিন সকালে গ্রামবাসী নতুন ঘর দেখে ওই পরিবারের কাছে জানতে চাইলে তারা তাদের জায়গা বলে দাবি করেন। পরে গ্রামবাসী ওই পরিবারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে ওই পরিবার গ্রামের ৫ জনের নাম উল্লেখ করে জামালগঞ্জ থানায় একটি পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে কবরস্থানের প্রাচীরের ভেতর স্থাপনা নির্মাণ ও দখলের ফলে ভবিষ্যতে দাফন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং পবিত্র পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মতবিরোধ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
অন্যদিকে, অভিযুক্ত ইব্রাহিমের লিখিত অভিযোগ থেকে জানাযায়, তার পূর্ব পূরুষরা সরকারের কাছ থেকে ২২ শতাংশ জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং নিয়মিত ভূমি কর পরিশোধ করছেন। এতে উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করে প্রশাসনের নিকট আইনগত সহায়তা চেয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







