জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র জকিগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে জকিগঞ্জ আইডিয়াল কে.জি. স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় তিন শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
পৌর আল-ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ।
পৌর আল-ইসলাহ’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম, অফিস সম্পাদক হোসাইন আহমদ, হাফিজ মাওলানা ছাদ উদ্দিন, ছালেহ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। তারা জানান, আল-ইসলাহ’র পক্ষ থেকে আগামীতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।







