জকিগঞ্জে বীরশ্রীতে হাজী আব্দুল হক ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠিত
জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে শিক্ষাবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে হাজী আব্দুল হক ট্রাস্ট কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।
ট্রাস্টের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা ও কওমি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি সনদ ও শিক্ষা উপকরণ (ব্যাগ) বিতরণ করা হয়েছে।
বৃহত্তর বীরশ্রী অঞ্চলের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে মোট ১০৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষককে সম্মাননা উপহার প্রদান করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ঐতিহ্যবাহী গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুছ ছামাদ।
প্রধান আলোচক ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আব্দুল জব্বার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান পাপলু।
সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম ও বিপক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী (ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী), পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসার জালাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা রুজিনা সামাদ, রাজনীতিবিদ আক্তার হোসেন রাজু ও কাজী সোহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী নাঈম আহমদ চৌধুরী, গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাস, গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, শিক্ষক তরুণ কুমার বিশ্বাস ও অভিভাবক আব্দুস শহীদ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ফখর উদ্দিন, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর আলম এবং জামিয়া ইমদাদুল উলুম শিঙ্গাইরকুড়ীর মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী।
বক্তারা বলেন, প্রবাসী আবুল কালাম আজাদ জকিগঞ্জে শিক্ষার ক্ষেত্রে একটি অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে উপজেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একত্রে নিয়ে এমন বৃত্তি পরীক্ষার আয়োজন হয়নি। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
হাজী আব্দুল হক ট্রাস্টের সচিব মাওলানা কুতবুল আলম জানান, এ বছর ট্যালেন্টপুল গ্রেডে ২ হাজার ৫০০ টাকা, প্রথম গ্রেডে ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা এনামুল হক, গিতা পাঠ করেন শেরুলবাগ আইডিয়াল একাডেমির শিক্ষক সৃজন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়ছর, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংবাদিক লিমন তালুকদার ও কয়েস আহমদ চৌধুরী প্রমুখ।






