জকিগঞ্জের মোশাহিদিয়া হিফযুল কুরআন মাদ্রাসার অভাবনীয় সাফল্য
জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় অসামান্য কৃতিত্ব প্রদর্শনের মাধ্যমে জকিগঞ্জ উপজেলার মোশাহিদিয়া হিফযুল কুরআন মাদ্রাসা এক অনন্য গৌরব অর্জন করেছে।
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের বিশেষ তত্ত্বাবধানে পরিচালিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে জকিগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হিফযুল কুরআন প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসাকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের এই অনন্য অর্জনের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল হয়ে উঠেছেন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মুহিব্বুল ইসলাম রেদওয়ান।
দেশব্যাপী আয়োজিত প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রায় ৯ হাজার শিক্ষার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উপজেলা ও জেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ের গ্র্যান্ড ফাইনালে স্থান করে নেন।
১০ পারা (মাধ্যমিক) গ্রুপে অংশগ্রহণ করে তিনি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন এবং পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা প্রাইজমানি লাভ করেন।
প্রতিষ্ঠানের এই দ্বি সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং তারা শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।








