জুড়ীতে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার ভাইয়ের মৃত্যু: মামলা
মৌলভীবাজারের জুড়ীতে প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজদ আলীর ভাইয়ের মৃত্যু ঘটেছে। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার গরেরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল আহাদ। তিনি উপজেলার দানাপুর এলাকার মৃত আকরাম আলীর ছেলে।
এই ঘটনায় নিহতের ভাই আমজদ আলী বাদী হয়ে জুড়ী থানায় ১২ জনের নামোল্লেখ সহ ২০/৩০ জন অজ্ঞাত আসামী রেখে মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখিত আসামীরা হলেন, উপজেলার কামিনীগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে আকবর আলী (৪০), দক্ষিণ জুড়ি এলাকার তহির আলীর ছেলে রিয়াজ আলী, একই এলাকার মৃত শমসের আলীর ছেলে শাহিন আলী, ভোগতেরা এলাকার মুহিবুর রহমানের ছেলে আতাউর রহমান সানি (২৮), একই এলাকার এলাইছ মিয়ার ছেলে মিজানুর রহমান (২৫), দত্তগ্রাম এলাকার মনুফর আলীর ছেলে বদরুল আলম (৫০), একই এলাকার মৃত ছয়ফুল আলমের ছেলে জয়নাল আবেদিন ইমন (৩২), গোয়ালবাড়ী এলাকার মন্তাজ আলীর ছেলে নুর হোসেন, শাহগঞ্জ এলাকার রানা মিয়ার ছেলে আব্দুস সামাদ টিপু, ভৈরবগঞ্জ এলাকার সাজিদ মিয়ার ছেলে নিজাম উদ্দিন, কামিনীগঞ্জ এলাকার মোঃ উত্তম আলীর ছেলে মোঃ মোশারফ আলী (২৬), বাছিরপুর এলাকার আব্দুর শুকুরের ছেলে কামাল আহমদ সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন।
মামলা সুত্রে জানা গেছে, জড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজদ আলী তার ভাই আব্দুল আহাদকে সাথে নিয়ে তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় গরেরগাঁও জামে মসজিদের পাশে আসামাত্র উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় আমজদ আলীর ভাই আব্দুল আহাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সামছুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।








