কাতারে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং অ্যান্ড হসপিটালিটির ইফতার ও দোয়া মাহফিল
কাতারে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের সম্মানার্থে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং অ্যান্ড হসপিটালিটি–এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এনামুল হক বাদলের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহার দি গ্রিনফুড রেস্টুরেন্ট–এ আয়োজিত এ অনুষ্ঠানে কাতারে বসবাসরত চৌমুহনী ইউনিয়ন ও মাধবপুর উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
শহিদুল ইসলাম শান্ত’র সঞ্চালনায় এবং আব্দুর রউফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. এরশাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদুল ইসলাম, মো. জাকির হুসেন, ইকবাল আহমেদ লিটন, আব্দুল মতিন খান মিঠু, মো. আল আমিন, মো. আবেদ আলী, আবুল কালাম, কাজী ওয়ারিশ, হুমায়ূন কবির ও মোক্তার উজ্জামান চৌধুরীসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা কাতারে বসবাসরত মাধবপুর উপজেলার প্রবাসীদের নিয়ে একটি সংগঠন গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।
বক্তারা বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়—এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চৌমুহনী ইউনিয়নবাসী, মাধবপুর উপজেলাবাসী, প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুর রউফ শাহ।







