খান্দুরা দরবার শরীফে দুই দিনব্যাপী ওরস মাহফিল, চলছে ব্যাপক প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফ-এর পীরে কামেল কুতুবে আলম সৈয়দ রহিছুর রহমান (রহঃ) ও পীরে কামেল সৈয়দ বিল্লাল (রহঃ)-এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওরশ শরীফ ৩ ফাল্গুন ১৪৩২ বাংলা (১৬ ফেব্রুয়ারি) সোমবার) শুরু হয়ে ৫ ফাল্গুন ১৪৩২ বাংলা (১৮ ফেব্রুয়ারি) বুধবার পর্যন্ত চলবে। এ উপলক্ষে খান্দুরা দরবার প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা, ওজুখানা ও আগত ভক্তদের থাকার ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, তাফসির ও আলোচনা সভা, জিকির-আযকার, মিলাদ ও আখেরি মোনাজাত। দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন সম্মেলনে বয়ান পেশ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন খান্দুরা দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল এবং পীরজাদা সৈয়দ জুনায়েদ কামাল। তাঁরা জানান, সুন্নীয়তের অতন্ত্র প্রহরী হিসেবে এই ওরশ শরীফ ঈমান-আকিদা ও আধ্যাত্মিক চর্চাকে আরও সুদৃঢ় করবে।
আয়োজক কমিটি জানিয়েছে, ওরশ শরীফে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং নারী উপস্থিতিদের অবশ্যই পর্দার বিধান মেনে চলতে হবে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভক্ত-মুরিদান ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থেকে ওরশ শরীফ সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।






