ক্যাম্পের ফলে যানজট ও অপরাধ কমেছে: ডিআইজি ইমতিয়াজ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে যানজট, চুরি ও ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন ঢাকা হেডকোয়ার্টার্স হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মোঃ ইমতিয়াজ আহমেদ।
সোমবার বিকেলে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ক্যাম্প স্থাপনের ফলে অলিপুর এলাকায় যানজট, চুরি ও ছিনতাই অনেকাংশে কমে এসেছে।” তিনি আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ক্যাম্প স্থাপন করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্প স্থাপনের ফলে শুধু যানজট নয়, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনেও ইতিবাচক প্রভাব পড়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। অলিপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা ও যান চলাচলে স্বস্তি ফিরে আসায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।







