লাখাইয়ে হিরাজ হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৪
হবিগঞ্জের লাখাইয়ে সদ্য হিরাজ মিয়া হত্যা মামলার প্রধান আসামী সহ ৪ আসামীকে লাখাই থানার পুলিশ ও র্যাব ৯ এর সার্বিক সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের মকসুদপুর (বালিগাও) গ্রামের মৃত জয়েদ আলীর ছেলে আলাল মিয়া মেম্বার (৫২), আদম আলীর ছেলে রেজাউল (৪৫), মৃত কাশেম আলীর ছেলে রফিকুল ইসলাম প্রকাশ রফিক (৫২) ও মৃত দারগ আলীর ছেলে হেলাল মিয়া (৪৭)।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ শায়েস্তাগঞ্জ ও পুলিশের এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও ভৈরব থানার পুলিশের সহযোগিতায় বুধবার বিকাল সাড়ে ৩ টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান এজাহার ভুক্ত আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় এবং আসামীদের কে ১৫ জানুয়ারী বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য যে,এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, জমি দখল কে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আলাল মিয়া ও সাবেক ইউপির সদস্য শাহাব উদ্দিন গংদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত শুক্রবার (৯ জানুয়ারী) সকালের দিকে লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ফরিদপুর ও বালিগাও এর মাঝামাঝি স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে শাহাব উদ্দিন মেম্বারের পক্ষের বালিগ্রামের হযরত আলীর ছেলে হিরাজ মিয়া (৫৫) গুরুতর আহত হন,তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








