লাখাইয়ে প্রাথমিক শিক্ষক বদলীর নিষ্পত্তি কমিটিতে আয়াতুল ও ইয়ারুল মনোনীত
লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলীর আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিবিষয়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
পরিপত্র অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদস্য এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লাখাই উপজেলা বিএনপির সহসভাপতি,বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আয়াতুল ইসলাম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলীর আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং বিধি মোতাবেক নিষ্পত্তির লক্ষ্যে এ কমিটি কাজ করবে।
শিক্ষক বদলী কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কমিটির সদস্য মনোনীত হওয়ায় অ্যাডভোকেট আয়াতুল ইসলাম ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তাঁরা বলেন, তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন এবং শিক্ষক বদলী কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
এদিকে তাঁদের এই মনোনয়নে আইনজীবী, শিক্ষক, শিক্ষানুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে লাখাই উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলী কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।







