লাখাইয়ে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, আতঙ্ক
হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে সাজেদা আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম (সাপের বিষ প্রতিষেধক) মজুত রাখার দাবি জানান স্থানীয় সচেতন মহল।
নিহত সাজেদা আক্তার পশ্চিম বুল্লা গ্রামের মৃত কোরবান আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়ীতে সাজেদা আক্তারকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হবিগঞ্জ থেকে সিলেট নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কিশোরী সাজেদা। চিকিৎসার জন্য দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পশ্চিম বুল্লাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সাপের উপদ্রব ও জরুরি চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সাপের কামড়ের রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা জরুরি। তাদের মতে, উপজেলা পর্যায়েই দ্রুত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া গেলে অনেক রোগীর প্রাণ রক্ষা করা সম্ভব হতে পারে।
তারা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত অ্যান্টিভেনম সরবরাহ, চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সাপের কামড়ের রোগীদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদারের দাবি জানান।







