লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫১ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার মিসরাতা শহর থেকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ফেরত আসা এসব নাগরিকদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকে বিভিন্ন সময়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে অপহরণ ও ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা দেশের মানুষের সাথে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এদিকে দেশে ফেরার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেক নাগরিককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বর্তমানে আটকে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও নিরাপদে ও দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে সমন্বিত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।







