উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয়
‘সবুজে সাজুক ক্যাম্পাস, সমৃদ্ধ হোক আগামী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট ও লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের যৌথ উদ্যোগে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। কর্মসূচির অংশ হিসেবে রয়েছে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি, শোভাবর্ধনকারী ফুলের গাছ ও কাঠজাতীয় গাছসহ নানা ধরনের বৃক্ষরোপণ।
বিএনসিসি ব্যাটালিয়ন ও লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয় উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এটি পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি প্রদান করে। তিনি বলেন, আজকের একটি চারা, আগামী দিনের একটি সবুজ পৃথিবী। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটিতে প্রতিবছরই এরকম বৃক্ষরোপণের অনেক কর্মসূচি নেয়া হয় যা এ ক্যাম্পাসকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শিক্ষাবান্ধব ক্যাম্পাসে পরিণত করছে। পরিশেষে তিনি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার দায়িত্বও গ্রহণ করে সবুজ ক্যাম্পাস গড়ার ও সবুজ বাংলাদেশ গড়ার আহবান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রফেসর আন্ডার অফিসার (PUO) নাঈম আহসান চৌধুরী, প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল মুন্না এবং ১৩ জন বিএনসিসি ক্যাডেট।







