লিডিং ইউনিভার্সিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগীয় প্রধান এবং অফিস প্রধানদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় লিডিং ইউনিভার্সিটি বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ইথিক্যাল কমিটির অগ্রগতি, লিডিং ইউনিভার্সিটির জার্নাল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার এবং পাঠদান ও উপস্থিতিসহ একাডেমিক এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে শিক্ষক ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এবং এক্ষেত্রে সবার সহযোগিতা থাকতে হবে। তিনি সমন্বয় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিভাগীয় পর্যায়েও এধরনের সভার আয়োজন করার পরামর্শ দেন।
সভায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রদানগণ উপস্থিত ছিলেন।






